ব্রংক্সে ইমিগ্রান্টকে লক্ষ্য করে আইসের গুলি
বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার বিকেলে ব্রংক্সের মার্বেল হিল এভেন্যু এলাকায় আইস এজেন্টরা পার্ক করা একটি হন্ডা গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি করে। গাড়ির চালক ডোমিনিকান রিপাবলিকের ইমিগ্রান্ট আহত হলে তাকে নিউইয়র্ক পেসবিটরিয়ান এ্যালেন হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে পরে আইস এজেন্টরা তাকে নিয়ে যায় বলে প্রকাশিত বিভিন্ন খবর বলা হয়েছে। এই সময় গাড়িতে একটি ৫ বছর বয়সী শিশু ছিল পিছনের সিটে। সে শারীরিকভাবে অক্ষত ছিল। উক্ত ইমিগ্রান্টের বয়স ২৮ এবং নাম অস্কার বেলগাল। এই ঘটনার পর রাত ১১টার দিকে ঘটনাস্থলে মেয়র জোহরান মামদানি এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, পুলিশ কমিশনার জেসিকা টিশ এবং সিটি ও স্টেটের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবাদ ব্রিফিংএ জানান, আইস এজেন্টরা কী কারণে বেলগালের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে তা স্পষ্ট নয়। গাড়ির অবস্থানের কারণে কোনো সারভাইল্যান্স ক্যামেরায় গুলির ঘটনা ধরা পড়েনি। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি গুলির কেস উদ্ধার করেছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার বিবরণ দেন।
মেয়র মামদানি জানান, সংবাদ ব্রিফিংএ আসার আগে তিনি প্রায় দুই ঘন্টা প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোমল্যান্ড সেক্রেটারি মুলিনের সাথে কথা বলে আটককৃত বেলগালকে ছেড়ে দেয়ার অনুরোধ জানান। কিন্তু তাদের আলোচনা ব্যর্থ হয় বলেও জানান তিনি ক্ষোভের সাথে। মেয়র বলেন, তিনি এই গুলির ঘটনা নিউইয়র্কারদের ওপর কী প্রভাব ফেলবে তাও জানান প্রেসিডেন্টকে।
মেয়র মামদানি বলেন, আজ আমি এখানে দাঁড়িয়েছি কেবল এই সিটির মেয়র হিসাবে নয়, এই সিটির একজন গর্বিত ইমিগ্রান্ট হিসাবে।
আইস সূত্রে পাওয়া প্রকাশিত খবরে বলা হয়, গাড়ির ভেতরে যে শিশু আছে তা তারা দেখেনি। তাদের লক্ষ্য ছিল বেলগাল।
