নিউইয়র্কে বাংলাদেশী রিয়েলটরদের নতুন কমিটি অভিষিক্ত
নিউইয়র্কঃ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন সাউথ এশিয়ান—আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন (সারা)—এর নতুন কমিটির কর্মকর্তারা অভিষিক্ত হয়েছেন। ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ২০২৬—২০২৮ সময়কাল দায়িত্ব পালন করবে। অভিষেক উপলক্ষে গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যাঙ্কুয়েট হলের বলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক দক্ষিণ এশিয়ান—আমেরিকান রিয়েলটর ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে রিয়েলটর পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটির স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। খবর ইউএনএ’র।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরীসহ সারা’র বিদায়ী সভাপতি সারোয়ার খান বাবু, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদার, সহ সভাপতি মাসুদ প্রামাণিক, জয়েন্ট সেক্রেটারী মির্জা মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদিকা আদান ইসলাম, প্রচার সম্পাদক গোলাম হাসান, কার্যকরী সদস্য এইচ এম ইকবালসহ কমিটির আহবায়ক আবুল ফজল দিদার ইসলাম, সদস্য সচিব মাসুদ সিরাজী এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কে আহমেদ (জসিম) প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতে দক্ষিণ এশীয় আমেরিকানদের অংশগ্রহণ ও ভূমিকা ক্রমেই বাড়ছে। এই খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, পারস্পরিক যোগাযোগ এবং নতুন প্রজন্মের রিয়েলটরদের জন্য কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে। নতুন সংগঠনটি এসব ক্ষেত্রে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, রিয়েল এস্টেট ব্যবসা শুধু সম্পত্তি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আবাসন, বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দক্ষিণ এশীয় কমিউনিটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাউথ এশিয়ান—আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, পেশাগত জ্ঞান বিনিময় এবং কমিউনিটির মানুষের কাছে রিয়েল এস্টেট—সংক্রান্ত তথ্য ও সুযোগ সহজলভ্য করার উদ্যোগ নেবে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। নতুন ও অভিজ্ঞ রিয়েলটরদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য দায়িত্বশীল ও দক্ষ রিয়েল এস্টেট সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সমাজ ও কর্মক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য কয়েকজনকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শারমীন সিরাজ।
সবশেষে সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতের পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার অতিথিরা অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশী সহ দক্ষিণ এশিয়ান—আমেরিকান রিয়েলটর ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সহ বিপদে—আপদে পাশে থাকার লক্ষ্যে ২০২৪ সালে গঠন করা হয় সাউথ এশিয়ান—আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন (সারা)। সংগঠনের রয়েছেন ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ।
