আরও ১১টি বিমান কেনায় প্রেসিডেন্ট ট্রাম্প || আমেরিকার অর্থনীতিতে বাংলাদেশ অবদান রাখছে
বিশেষ প্রতিবেদনঃ আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করছে বাংলাদেশের মত একটি ক্ষুদ্র দেশ। কথাটি লিখিতভাবে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশ আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে আরো ১১টি বিমান কেনার চুক্তিতে স্বাক্ষর করায় প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তিনি তার ট্রুথ সোশ্যালে এই উপলক্ষে বিশেষ পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে বোয়িং কোম্পানির জন্য একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করে এই অর্থ আমেরিকার অর্থনীতি ও অভ্যন্তরীণ কর্ম সংস্থানের জন্য বিশাল সাফল্য বলে উল্লেখ করেছেন। খবরে বলা হয়েছেঃ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে আরও ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান পাঁচটি বোয়িং ৭৮৭—১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭—৮ মডেলের উড়োজাহাজ সংগ্রহ করবে। এই বিশাল বাণিজ্যিক চুক্তি প্রসঙ্গে ট্রুথ সোশ্যালের পোস্টে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তায় বাংলাদেশ ও তুরস্ক একত্রে মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে, যার সাথে আরও ৫০টি বিমান কেনার অতিরিক্ত বিকল্প সুযোগও রাখা হয়েছে।
হাজার হাজার কোটি ডলারের এই বিশাল রপ্তানি চুক্তি আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই চুক্তি দেশজুড়ে হাজার হাজার মার্কিন নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মার্কিন উৎপাদন খাত ও শ্রমিকদের সমর্থনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বোয়িং এবং তিনি যা শুরু করেছন, বাজার আজ সেটাই স্বীকৃতি দিচ্ছে। আমেরিকায় তৈরি ও মার্কিন শ্রমিকদের কাজের সুযোগ করে দিলে যেকোনো প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
