প্রেসিডেন্ট ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসায় ৪ মাসে মাত্র একজনের আবেদন মঞ্জুর
বাঙালী প্রতিবেদনঃ ডিসেম্বর মাসে ঘোষণা করার পর গত চার মাসেরও কিছুটা বেশি সময়ে মাত্র একজনের আবেদন মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন কমপক্ষে ১ মিলিয়ন ডলার পে করলে একজন বিদেশী আমেরিকায় বৈধভাবে থাকতে ও কাজ করতে পারবেন। এটাকে বলা হয় ট্রাম্পের ‘গোল্ড কার্ড ভিসা’। শুক্রবার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের বক্তব্যের বরাত দিয়ে এই খবরটি জানায় এসোসিয়েটেড প্রেস। কমার্স সেক্রেটারি কংগ্রেশনাল কমিটির শুনানিতে প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।
এপি বলছে, গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিদেশী মেধাবীদের যুক্তরাষ্ট্রে বসবাসের প্রস্তাব দেন। কিন্তু তা ১ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। কর্মসূচীর উদ্বোধনীর কিছুদিন পরে প্রেসিডেন্ট বলেছিলেন, এরই মধ্যে ১.৩ বিলিয়ন ডলারের সমান অর্থের ‘গোল্ড কার্ড ভিসা’র জন্য আবেদন পড়েছে। তিনি সে সময় বলেন এটা আসলে গ্রিনকার্ড।
কমার্স সেক্রেটারি জানান, গত ৪ মাসে একজনের আবেদন অনুমোদিত হয়েছে। তবে কয়েক শ আবেদন লাইনে আছে।
এসোসিয়েটেড প্রেস বলছে, গত বছর ক্যাবিনেট মিটিংএ লুটনিক পূর্বাভাস দিয়েছিলেন এই গোল্ড কার্ড ভিসা থেকে ১ ট্রিলিয়ন ডলার রেভিনিউ আসবে। এই অর্থে বাজেট ব্যালেন্স করা হবে।
এপি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অপর কর্মসূচী হচ্ছে ‘প্লাটিনাম ভিসা কার্ড’। ৫ মিলিয়ন ডলার দিয়ে ২৭০ দিন আমেরিকায় থাকলে এবং বৈধভাবে কাজ করলে কোনো ট্যাক্স পে করতে হবে না। তবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি। প্রেসিডেন্টের গোল্ড কার্ড ভিসা কর্মসূচীও ব্যর্থÑ তা এখন বলাই বাহুল্য।
