সিএমবিবিএ’র উদ্যোগে হয়ে গেল জমজমাট ব্রুকলিন পথমেলা
নিউইয়র্কঃ শেষ হয়েও হইলো না শেষ ব্রুকলীনে সিএমবিবিএ’র ১৬তম পথমেলা ২০২৬। শেষ বিকেলের আকস্মিক ঝড় আর দমকা বাতাস সবকিছু ওলোট—পালট করে দিলো। তারপরও দিনভর আয়োজিত পথমেলার উৎসব আর আনন্দের পাশাপাশি ঝড়—বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ফিরলেন হাজারো প্রবাসী বাংলাদেশী সহ দেশী—বিদেশীরা। আয়োজকদের দাবী ১০ হাজারের মতো সর্বস্তরের মানুষ এবারের পথমেলা উপভোগ করেন। গত ৬ জুন শনিবার ব্রুকলীনের ‘লিটল বাংলাদেশ’ অর্থাৎ ম্যাকডোনাল্ড এভেন্যুর সুবিশাল রাস্তায় এই মেলার আয়োজন করা হয়। সিএমবিবিএ অর্থাৎ চার্চ—ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এই পথমেলার আয়োজন করে। ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনে সহযোগিতায় ছিলো বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক ইনক। বিগত বছরগুলোর মতো এবারও উদ্বোধনী পর্ব, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা, ক্রেস্ট বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমে উঠেছিল ‘সিএমবিবিএ’র ১৬তম পথমেলা’। কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় মেলায় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদকে আজীবন সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।
শুরুতে চমৎকার আবহাওয়া থাকায় শনিবার সকাল থেকেই হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর পদভারে মুখরিত হয়ে ওঠে ‘লিটল বাংলাদেশ’—এর গোটা এলাকা। এ যেন দেশ ছেড়ে আসা মানুষগুলোর হারিয়ে যাওয়া শৈশবের বৈশাখী মেলা। মেলায় ছিলো শতাধিক স্টল। স্টলগুলোতে ছিলো বেচাকেনার ধুম। বাংলাদেশী কমিউনিটির প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ মেলাকে দেয় কর্পোরেট মাত্রা। সেই সাথে দেশী স্টলগুলো এনে দেয় দেশীয় বাজারের আমেজ।
ফিতা কেটে আর এক গুচ্ছ বেলুন উড়িয়ে পথমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের। এসময় সিএমবিবিএ ও মেলা কমিটির কর্মকর্তা সহ কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। মেলার বিভিন্ন পর্বে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মূলধারার রাজনীতিক, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটুর্ন মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি কাজী আজম ও ফ্রেন্ডশীপ সোসাইটির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস ও প্রধান উপদেষ্টা ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য নাঈম টুটুল, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়াদীর্, সিএমবিবিএ’র সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মঈনুল আলম বাপ্পি, মেলা কমিটির আহ্বায়ক মামুন উর রশিদ ও সদস্য সচিব আনোয়ারুল আজিম, চিফ কো—অর্ডিনেটর আবুল এইচ মহিউদ্দিন, কো—অর্ডিনেটর মেহেদী হাসান সাইমন সহ কমিউনিটির বিশিষ্টজন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পথ মেলায় নার্গিস আহমেদের হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিএমবিবিএ’র সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী। সম্মাননা গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নার্গিষ আহমেদ বলেন, আমি দীর্ঘ ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। এরমধ্যে ড্রামা সার্কল, বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সংসদ, বাপাফ সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে ৪০ বছর ধরে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। বিশেষ করে ব্রুকলীনবাসীর ভোটেই আমি বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হই। তিনি ঐক্যবদ্ধ কমিউনিটির ওপর গুরুত্বারোপ করেন এবং ভালো মানুষদের উৎসাহিত করার পাশাপাশি সততার সাথে মানব সেবায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আজকে আমার স্বীকৃতি শুধু আমার একার নয়, সবার। আমি ব্রুকলীনবাসীর প্রতি কৃতজ্ঞ।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্রদেব ও বিন্দু কনা, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নাসির সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
পথমেলার মূল মঞ্চে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়। জাতীয় সঙ্গীত আর সাংবাদিকদের উপস্থিতিতে র্যাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হয় সিএমবিবিএ’র পথমেলা—২০২৬ এর আনুষ্ঠানিকতা। র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিলো একটি নতুন গাড়ি।
খবর ইউএনএ’র।
