ডায়াবেটিক রোগিদের ইনস্যুলিনের জন্য সিভিএস || ৩৬.৫ মিলিয়ন ডলার ফেরৎ দেবে
বাঙালী প্রতিবেদনঃ ডায়াবেটিক রোগীদের ইনস্যুলিন বাবদ মেডিকেইডে অতিরিক্ত বিল করার বিরুদ্ধে সিভিএস ফার্মেসির বিরুদ্ধে আমেরিকার ৩৬ জন এটর্নি জেনারেল মামলা দায়ের করলে আদালত রায় দিয়েছে। রায়ে উক্ত অতিরিক্ত বিলিংএর জন্য ৩৬.৫ মিলিয়ন ডলার বা সাড়ে তিন কোটি ডলার ক্ষতিপূরণ বাবদ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে সিভিএসকে। নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস থেকে এই তথ্য সাপ্তাহিক বাঙালীকে জানিয়ে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে সিভিএস ফার্মেসি ডায়াবেটিক রোগীদের যতটা প্রয়োজন তার চেয়ে বেশি ইনস্যুলিন প্রদান করার পরও তারা বিলিং রিপোর্টিংএ উল্লেখ করে তারা সঠিক পরিমাণ ইনস্যুলিনই প্রদান করেছে। মামলার তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় উক্ত অর্থ ক্রেতাদের ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। নিউইয়র্ক স্টেট এই বাবদ ২.২৫ মিলিয়ন ডলার পাবে। যাদের মেডিকেইডে উক্ত অতিরিক্ত অর্থ চার্জ করা হয়েছে, তারা অর্থ ফেরত পাবেন।
খবরে বলা হয়েছে, তদন্তে ধরা পড়েছে, প্রেসক্রিপশনে যে পরিমাণ ইনস্যুলিন প্রদান করার কথা উল্লিখিত হয়, সিভিএস ফার্মেসি মেডিকেইডে তার চেয়ে বেশি চার্জ করেছে। এমন কি সময় শেষ হওয়ার আগেই রিফিল করা হয়েছে। এর ফলে সিভিএস প্রেসক্রিপশন অনুযায়ী মেডিকেইডকে যত অর্থ বিল করার কথা, তার চেয়ে অনেক বেশি বিল করে অতিরিক্ত অর্থ অন্যায়ভাবে লাভ করেছে। এই অন্যায় বা প্রতারণা ধামাচাপা দেয়ার উদ্দেশে সিভিএস ফার্মেসি নানা রকম অজুহাত তুলে ধরেছে বলে খবরে বলা হয়েছে।
এই মামলায় আরো ৩৫টি স্টেটের রিপাবলিকান ও ডেমোক্রেটিক এটর্নি জেনারেলগণ যোগ দেন।
