ক্যান্ডেল কি কানের ময়লা পরিষ্কার করে?
ডা. সজল আশফাক: কানের ময়লা (সেরুমেন) পরিষ্কার করার জন্য অনেকেই ইয়ার ক্যান্ডেল ব্যবহার করেন। এটি সাধারণত মোম বা প্যারাফিন—যুক্ত কাপড় দিয়ে তৈরি একটি ফাঁপা নল। এর এক প্রান্ত কানের মুখে বসিয়ে অন্য প্রান্তে আগুন জ্বালানো হয়।
দাবি করা হয়, ক্যান্ডেল জ্বলার সময় তৈরি হওয়া তাপ ও তথাকথিত ‘শূন্যতা’ বা ‘চিমনি প্রভাব’ কানের ভেতরের ময়লা টেনে বের করে আনে।
কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ইয়ার ক্যান্ডেল ব্যবহারের পর নলের ভেতরে যে বাদামি, মোমের মতো পদার্থ দেখা যায়, সেটিকে অনেক সময় কানের ময়লা বলে দেখানো হয়। কিন্তু পরীক্ষায় দেখা গেছে, কানে না দিয়েও ক্যান্ডেল জ্বালালে একই ধরনের অবশিষ্টাংশ তৈরি হয়। এমনকি ব্যবহৃত ক্যান্ডেলের অবশিষ্টাংশ বিশ্লেষণ করেও সেখানে কানের ময়লা থাকার প্রমাণ পাওয়া যায়নি।
বরং ইয়ার ক্যান্ডেল ব্যবহারে উল্টো সমস্যা হতে পারে। গরম মোম কানের ভেতরে পড়ে কানের নালি বন্ধ করে দিতে পারে, ত্বক বা কান পুড়ে যেতে পারে, এমনকি কানের পর্দারও ক্ষতি হতে পারে।
