তন্বী নন্দিনী ইসলামের তৃতীয় বই || স্টেলার স্মোকের প্রকাশনা উপলক্ষে আলোচনা
বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশী বংশোদ্ভুত মেধাবী লেখক তন্বী নন্দিনী ইসলাম, যিনি তানাই নামে আমেরিকার মূলধারায় পরিচিত, তার তৃতীয় বই ‘স্টেলার স্মোক’র প্রকাশনা উপলক্ষে আলাপচারিতা হয়ে গেল ডাউনটাউন ব্রুকলিনের দ্য সেন্টার ফর ফিকশনে গত শুক্রবার। আলাপচারিতার পর তন্বী নন্দিনী তার নতুন বই পেংগুইন র্যানডম হাউজের ডাটন থেকে প্রকাশিত স্টেলার স্মোক—এ স্বাক্ষর করেন। আলাপচারিতায় অংশ নেন পেংগুইনের সিনিয়র এডিটর পিলার গার্সিয়া ব্রাউন। তিনি তন্বী নন্দিনীর এই ফিকশনটিরও সম্পাদনার সাথে জড়িত ছিলেন।
আলাপচারিতায় টেকনোলজি, সেনসুয়ালিটি, এ্যানসেসট্রি, ফ্যামিলি ট্যাবু, এবং পূর্ব ও নতুন প্রজন্মের সাথে সংযুক্ততা বিষয় উঠে আসে। আলাপচারিতায় আরো অংশ নেন কিজ লেইসন। উপস্থিত দর্শক শ্রোতারা আলাপচারিতা মগ্ন হয়ে শোনেন। অনুষ্ঠানটি উপস্থিত দর্শক—শ্রোতা ছাড়াও বিশ্বব্যাপি প্রচার করা হয় লাইভস্ট্রিমের মাধ্যমে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আলাপচারিতা ও বুক সাইনিং চলে রাত ৯টা পর্যন্ত।
উল্লেখ্য তন্বী নন্দিনী ইসলামের জন্ম ইলিনয়ে। তবে বাবা—মার সাথে তার শৈশব কাটে হিউস্টন, কলাম্বিয়া ও সেন্ট লুইসে। পরে ব্রুকলিনে এসে থিতু হন। তন্বী ব্রুকলিন কলেজ থেকে ক্রিয়েটিভ রাইটিংএ এমএফএ করেন।
তার প্রথম উপন্যাস ‘ব্রাইট লাইন্স’ প্রকাশ করে পেংগুইন বুকস ২০১৫ সালে। আর দ্বিতীয় বই ‘ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল’ প্রকাশ করে হারপার বুকস ২০২২ সালে।
