বিপার জলসায় ২০ শিশুশিল্পীর পরিবেশনা || ৪ কিশোরীর রাগপ্রধান নজরুলসঙ্গীত
বাঙালী প্রতিবেদনঃ বিপার জলসা অনুষ্ঠান। রবিবার জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিংএর তিনতলায়। বেলা তিনটায় অডিটোরিয়াম পূর্ণ। মঞ্চে ২০ শিশু—কিশোর—কিশোরী। পিছনে চার সঞ্চালক। তারাও শিক্ষার্থী শিল্পী। মাঝখানে হারমোনিয়ামে শিশুদের শিক্ষক নিলোফার জাহান। তাঁর ডানে কীবোর্ডে রবিউল ইসলাম। তার ডানে তবলা নিয়ে পিনাকপানি গোস্বামী। উপস্থাপক সোহানি ইসলাম গুছিয়ে সূচনা বক্তব্য দিয়ে মাইক্রোফোন দিলেন নতুন প্রজন্মের সঞ্চলকদের হাতে।
পরে বিপার অন্যতম কান্ডারি সেলিমা আশরাফ বললেন, নতুন শিক্ষার্থীদের মঞ্চ ভীতি ভাঙাতে, পরিবেশনায় জড়তা কাটাতে আমরা জলসা অনুষ্ঠানের আয়োজন করি। এর মধ্য দিয়ে অভিভাবকরাও জানতে পারেন তাদের সন্তানদের শিক্ষার অগ্রগতি।
শুরুতেই ছিল চমক। রাগ বিলাবলের আলাপ দিয়ে শুরু করে সাহিতা নবী তোয়ি। ১৫ শিল্পীর সমবেত কণ্ঠে আলাপ শেষে একে একে গান গেয়ে শোনায় শিশু শিক্ষার্থীরা। মাহমুদা জাহান (হায়রে আমার মন মাতানো দেশ), অদৃতি সাহা (সাতটি রংএর মাঝে আমি), সমৃদ্ধি বড়–য়া (সোনার পালংকের ঘরে), ইশরা রহমান (আলো আমার আলো ওগো), শাফিন চৌধুরী (আকাশ ভরা সূর্য তারা), তাহনিয়া শেহরিন (ও পাখি তোর যন্ত্রণা), অনোরা সরকার (শুকনো পাতার নূপুর পায়ে), সৌমিনি আহমেদ (চমকে চমকে ধীরে ভিরু পায়), সাহিতা নবী (আলোর আমল কমল খানি), অর্ণব মন্ডল (আমি ঝড়ের কাছে রেখে গেলাম), নওরিন চৌধুরী (খোলা আকাশ কি এত ভাল লাগত), আর্য বড়–য়া (অরুণকান্তি কে গো যোগী), আরিশা তাবিন (বাঁশি কেন গায়, আমারে কাঁদায়)।
এই পর্বটি সঞ্চালনা করে শ্রদ্ধা সাহা, জান্নাতুল ফেরদৌস, মৃত্তিকা, জাহ্নবী মজুমদার ও শেখ সাফওয়ান রহমান। নিলোফার জাহান ছাড়াও এই পর্বে হারমোনিয়ামে বসেন সোনিয়া মুত্তালিব।
দ্বিতীয় পর্বে কিশোরী শিক্ষার্থীরা পরিবেশন করে। চার শিল্পীর পরিবেশনায় ছিল প্রত্যেকের ভাল গাওয়ার প্রবণতা। এই পর্বে হারমোনিয়ামে সংগত করেন এই শিল্পীদের সংগীত গুরু সেলিমা আশরাফ। রায়না বড়–য়া গায় রাগপ্রধান নজরুল সংগীত ভরিয়া পরান শুনিতেছি গান। জাহিন রীতিও গায় নজরুল সংগীত এত জল ও কাজল চোখে। বুশরা তুবা দরবারি কানাড়া রাগে নজরুল সংগীত কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে। আর সব শেষে কেদার রাগে আমিনা ইসলাম গায় আজো কাঁদে কাননে কোহেলিয়া।
এই চারটি গান চার শিল্পী গেয়ে শ্রোতাদের মন ভরিয়ে দেয়। বোঝা যায়, এরা চারজনই শিল্পী হিসাবে তাদের জায়গাটি প্রায় নিশ্চিত করেছে। গানগুলি শিখিয়েছেন সেলিমা আশরাফ।
সবশেষে সেলিমা আশরাফ এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানান।
