উদ্বোধন হলো ৩৫তম নিউইয়র্ক বইমেলা
নিউইয়র্ক (ইউএনএ)ঃ ‘যত বই তত প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২২ মে শুক্রবার নিউইয়র্কে শুরু হয়েছে ৩৫তম নিউইয়র্ক বাংলা বইমেলা। চারদিনের এই বইমেলা চলবে ২৫ মে সোমবার পর্যন্ত। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বইমেলায় বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নিচ্ছেন।
এবারের বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বইমেলার প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. রেহমান সোবহান। এছাড়াও আমন্ত্রিত অতিথি অধ্যাপক ড. রওনক জাহান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, আমেরিকান কবি বব কোলম্যান, কবি সুবোধ সরকার, বাংলাদেশের লেখক ফারুক মঈনউদ্দীন, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞানী ও লেখক দীপেন ভট্টাচার্য এবং সাহিত্যিক সাদাত হোসাইন।
জানা গেছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে যোগ দিচ্ছে অনন্যা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, বিডি নিউজ টোয়েন্টফোর, আহমেদ পাবলিশার্স, জলধি, বাতিঘর ইত্যাদি গ্রন্থ প্রকাশসহ বাংলাদেশ ও কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থা। বইমেলার সূচি অনুযায়ী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে। মূল কর্মকান্ডের মধ্যে থাকবে বই, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, শিশু—কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং লেখক—পাঠক আড্ডা ইত্যাদি। বিশেষ আয়োজন হিসেবে থাকবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য, প্রবাসী সংস্কৃতি ও নতুন প্রজন্মের পাঠাভ্যাস নিয়ে আলোচনা। ২২ মে শুক্রবার বিকাল ৬টা থেকে রাত ১১টা এবং ২৩—২৫ মে, শনি রবি ও সোমবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মুক্তধার জানিয়েছে, মেলার ২৫টির বেশি স্টলে থাকবে ৫,০০০ এর বেশী বই।
বইমেলার আয়োজক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম।
