সোমবার মেমোরিয়াল ডে

বাঙালী প্রতিবেদনঃ বিভিন্ন যুদ্ধে আমেরিকার যেসব সৈনিক মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণ করা হয় একটি দিনে। এই দিনটি মেমোরিয়াল ডে। প্রতি বছর মে মাসের শেষ সোমবার এই দিনটি উদযাপিত হয়। এই দিনের মূল কর্মসূচী হচ্ছে এইসব জীবন উৎসর্গকারী সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিশেষ প্যারেড। প্রেসিডেন্ট এই দিন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল সেমিটারিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ১৮৬৪ সাল থেকে এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে। তখন এই দিনটিকে বলা হতো ডেকোরেশন ডে। এই দিন ফেডারেল হলিডে। স্কুলকলেজ থেকে শুরু করে সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকে। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটও সোমবার বন্ধ থাকবে।

ক্যালেন্ডারের পাতায় আমেরিকায় সামার আসবে ২১ জুন রবিবার। কিন্তু আনুষ্ঠানিকভাবে সামারের কার্যক্রম শুরু হয় মেমোরিয়াল ডে থেকে। মেমোরিয়াল ডেতে সকল সমুদ্র সৈকত খুলে দেয়া হয়। এই লং উইকএন্ডে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। অনেকেই চলে যান শহর ছেড়ে দূরে অন্য শহরে বা প্রকৃতির কাছে। নিউইয়র্কের বাংলাদেশী পরিবারগুলো চলে যায় সিক্স ফ্লাগসে, হারশি ওয়াটার পার্কে, এ্যামিস কান্ট্রিতে, পোকোনোতে, লেক জর্জে বা অন্য কোথাও।  কিন্তু বছর মেমোরিয়াল ডে উইকএন্ড অনেকের জন্য আশা ভঙ্গ ঘটাচ্ছে। শনিবার থেকে সোমবার হয় একটানা বা থেমে থেমে বৃষ্টি হবে। শনিবার দমকা বা ঝেরো বাতাসও বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কমে দাঁড়াবে আজ শনিবার সর্বনিম্ন ৫১ আর সর্বোচ্চ ৫৬ ডিগ্রি। রবিবার সর্বনিম্ন ৫১ আর সর্বোচ্চ ৫৯ ডিগ্রি। সোমবার কিছুটা ভাল। অর্থাৎ সর্বনিম্ন ৫৬ আর সর্বোচ্চ ৬৯ ডিগ্রি। ফলে বছরের প্রথম আনুষ্ঠানিক বিচ ডে হবে না মেমোরিয়াল ডে বা এই উইকএন্ড। জানা গেছে, সোমবার হালকা বৃষ্টি থাকলেও নিউইয়র্ক সিটিজুড়ে মেমোরিয়াল ডে প্যারেড হবে।

Related Posts