ব্রুকলীনে সিএমবিবিএ’র পথমেলা ৬ জুন
বিশেষ প্রতিবেদনঃ ব্রুকলীনের কেনসিংটন এলাকা নিউইয়র্কের প্রথম দিকের বাংলাদেশী ইমিগ্রান্টদের বৃহত্তম বসতি। পরে এই এলাকার নাম বাঙালিদের কাছে হয়ে ওঠে চার্চ—ম্যাকডোনাল্ড। কারণ চার্চ এভেন্যু ও ম্যাকডোনাল্ড এভেন্যুর সংযোগস্থলেই গড়ে ওঠে বাংলাদেশীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ২০২৩ সালে এই সংযোগস্থলের নাম হয় লিটল বাংলাদেশ। এই এলাকার ব্যবসায়ীদের সংগঠন চার্চ—ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অন্যান্য বছরের মত এবারও আয়োজন করবে পথমেলার। ১৬তম এই পথমেলা হবে ৬ জুন শনিবার। এই উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের। সংবাদ সম্মেলনে পথমেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ও প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় মেলার আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, সিএমবিবিএর সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মঈনুল আলম বাপ্পী, ম্যাগাজিন সম্পাদক মীর কাশেম, কো—অর্ডিনেটর মেহেদী হাসান সিমন, বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট কাজী আজম, সেক্রেটারি এসএম ফেরদৌস ও প্রধান উপদেষ্টা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
সিএমবিবিএ’র ১৬তম পথমেলায় ব্রুকলীন ছাড়াও নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী স্টেটে বসবাসকারী বাংলাদেশীরা অংশ নেবেন বলে জানান তারা। মেলায় বাংলাদেশী ও আমেরিকান পণ্যের অনেক স্টল থাকবে। অতীতের মতো এবারের পথমেলায়ও বাংলাদেশী ইমিগ্রান্টদের মধ্য থেকে বিশিষ্ট তিনজনকে সম্মানিত করা হবে। পরিবেশিত হবে জনপ্রিয় শিল্পীদের গান।
পথমেলা উদ্বোধন হবে দুপুর দেড়টায়, চলবে সন্ধ্যা অবধি। এতে অংশ নেবেন দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীবৃন্দ। পথমেলায় বাংলাদেশী কমিউনিটি ছাড়াও মূলধারার নির্বাচিত প্রতিনিধিগণ অংশ নেবেন বলে জানান নেতৃবৃন্দ। এই বৃহৎ পথমেলায় সিএমবিবিএ নেতৃবৃন্দ সকলকে আমন্ত্রণ জানান।
