মঙ্গলবার পবিত্র হজ || বুধবার নিউইয়র্কে ঈদুল আযহা

বাঙালী প্রতিবেদনঃ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ আমেরিকায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে বুধবার। আর হজ পালিত হবে এর আগের দিন ২৬ মে মঙ্গলবার। তবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে বৃহস্পতিবার। উল্লেখ্য জিলহজ মাসের তারিখ পবিত্র হজব্রত পালন শেষে পরদিন ১০ জিলহজ ঈদুল আজহা পালন শুরু হয়।

ঈদ উপলক্ষে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি পালিত হবে বুধবার। বুধবার কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকায় নিউইয়র্ক, নিউজার্সিসহ অন্যান্য স্টেটে ঈদের জামাত হবে খোলা মাঠে বা উন্মুক্ত স্থানে। ফলে বিপুল সংখ্যক মানুষ এক জামাতে নামাজে অংশ নিতে পারবেন। অন্যান্য বছরের মত না হলেও বছরও নিউইয়র্ক থেকে অনেক বাংলাদেশী হজে গেছেন।

জ্যাকসন হাইটস, জ্যামাইকা, চার্চম্যাকডোনাল্ড, ওজোনপার্ক, পার্কচেস্টারের স্টার্লিং এভেন্যুর বাংলাদেশী বাজারগুলো মূলত এই উইকএন্ডেই জমে উঠবে বলে আশা করা হয়েছে। তবে যারা কোরবানি দিতে মনস্থ করেছেন তারা ইতোমধ্যেই বিভিন্ন গ্রোসারি স্টোরে, সুপারমার্কেটে এবং পোলট্রি ফার্মগুলোতে অর্ডার দিয়েছেন। অন্যরা মাংস সহ ঈদের জন্য প্রয়োজনীয় খাদ্য মসলা অন্যান্য পণ্য কিনবেন এই উইকএন্ডেই।

ঈদ উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশী মালিকানাধীন অর্থ প্রেরণকারী শপগুলোতে ব্যস্ততা বেড়েছে। মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জন্য বাংলাদেশে যাওয়া বাধাগ্রস্ত হওয়ার পর আবার ব্যস্ত হয়ে উঠেছে ট্রাভেল এজেন্সিগুলো। তবে এই ব্যস্ততা যতটা ঈদ উপলক্ষে তার চেয়ে অনেক বেশি ছেলেমেয়েদের স্কুলে সামার ভেকেশন উপলক্ষে। 

এবার সপ্তাহের মাঝে ঈদ হওয়ায় অনেককেই নামাজ পড়েই কাজে যেতে হবে। এইসব পরিবারের জন্য ঈদের আনন্দ অনেকটাই ম্লান হবে। তবে অনেকেই ঐদিন ছুটি নিয়ে সপরিবারে ঈদ উদযাপন করবেন।

সাপ্তাহিক বাঙালীর সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।

Related Posts